কলকাতা: কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টল ঘিরে উত্তেজনা। দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁদের বইয়ের স্টলে লাগাতার হামলার অভিযোগ উঠেছিল। প্রগতিশীল সাহিত্যের স্টলে লাগাতার হামলার প্রতিবাদে বই আঁকড়ে ধরে লড়াই নেমেছেন বামমনস্ক মানুষজন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সংগ্রামী বইপত্রের একটি বিশেষ বিপণি বসানোর কথা ছিল এসএফআই-এর কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটির। মঙ্গলবার ট্রাম লাইনে বসেই বই বিক্রি করে এসএফআই। পুলিশ এবং সিআরপি বাহিনীর বিরুদ্ধে বইয়ের স্টল তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এসএফআই (SFI)-এর দাবি, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও বইয়ের স্টল তৈরিতে বাধা পুলিশ। এরপর পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন SFI কর্মীরা। বই ছড়িয়ে রাস্তায় বসেই প্রতিবাদ বামেদের।
পুলিশ এবং সিআরপি বাহিনীর বিরুদ্ধে বইয়ের স্টল তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং তার জেরে এসএফআই কলেজ স্ট্রিটে বিক্ষোভ শুরু করে। শুরুতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের। এই রাস্তায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। তাই কোনও জমায়েত বা মিছিল করা যাবে না। অভিযোগ, আগাম পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও তাঁদের বসতে দেওয়া হচ্ছিল না। পড়ুয়াদের আরও দাবি, তাঁরা সমস্ত প্রয়োজনীয় নিয়ম ও অনুমতি মেনেই বইয়ের স্টল করতে চেয়েছিলেন, কিন্তু সোমবার সন্ধেয় হঠাৎ পুলিশ এসে জানায় যে ফুটপাত আটকে বইয়ের দোকান করা যাবে না SFI সদস্যরা জানান, এই ভাবেই স্টল হবে। পুলিশ স্টল করতে না দিলে রাস্তায় বসেই বই বিক্রি করা হবে। একই সঙ্গে তাঁরা প্রশ্ন তোলেন, ১৬৩ ধারা কখন জারি হলো, তার কাগজ কোথায়? কলেজ স্ট্রিটেও ১৬৩ ধারা, একটা বুকস্টল আটকাবে বলে? বইকে আটকাবে বলে? তাঁরা অভিযোগ তোলেন, পুলিশ ১৬৩ ধারাকে ব্যবহার করছে।
আরও পড়ুন
‘দ্রুত অপরাধী ধরা পড়বে’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ
এনিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ কর্মী সমর্থকরা। এর জেরে কলেজ স্ট্রিটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যস্ত সময়ে কলেজ স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ছাত্রছাত্রীদের এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং অবরোধ তুলে নেওয়ার আর্জি জানালেও ছাত্রছাত্রীরা রাস্তা থেকে উঠতে চাননি। বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। প্রতিবাদে পথেই বই সাজিয়ে বসেন তরুণ।




