ওয়েব ডেস্ক: আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্ক ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির কেন্দ্রবিন্দুতে। ভারতের ‘মহাসাগর’ ভাবনাতেও এই সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে। দু’দিনের ফিলিপিন্স সফরে রওনা হওয়ার আগে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ক বহু শতাব্দীর সভ্যতা ও সংস্কৃতির আদানপ্রদানের উপর দাঁড়িয়ে। সময়ের সঙ্গে তা বাণিজ্য, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা ও প্রযুক্তির মতো নানা ক্ষেত্রে ছড়িয়েছে।
সোমবার ফিলিপিন্সের উদ্দেশে রওনা হয়েছেন মোদি। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের আমন্ত্রণে তিনি ম্যানিলায় যাচ্ছেন। সেখানে ১৭ নভেম্বর ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। চলতি বছর আসিয়ানের সভাপতিত্ব করছে ফিলিপিন্স।
আরও পড়ুন:
মোদির এই সফরে নজর রয়েছে কোয়াড বৈঠকের দিকেও। এক মার্কিন আধিকারিকের দাবি, সম্মেলনের ফাঁকে ম্যানিলায় বৈঠকে বসতে পারেন আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের রাষ্ট্রনেতারা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির থাকার কথা। ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষবার কোয়াড শীর্ষ সম্মেলন হয়েছিল। এই সফরে ফিলিপিন্সে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী।




