কলকাতা: রাতের শহরে আগুন আতঙ্ক। রবিবার কলকাতায় জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জোড়াবাগানের এক বহুতলে আগুন লাগার খবর জানা গিয়েছে। পাশাপাশি বেহালার বুড়ো শিবতলায় প্লাস্টিকের গোডাউনেও আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে বড় আকার নেওয়ার আগেই নিয়ন্ত্রণে এনেছে দমকল।
জানা গিয়েছে, রবিবার রাতে জোড়াবাগানের একটি বহুতলের দোতলার একটি ঘরে আগুন লাগে। সেখানে থার্মোকলের থালাবাসন মজুত করা ছিল বলে জানা গিয়েছে। আগুন ছড়াতে শুরু করে। ওই বাড়ির একাংশে কয়েকটি পরিবার বসবাস করে। আগুন লাগার পরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। দ্রুত খবর যায় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল।স্থানীয়রা ততক্ষণে আগুন নেভানোর কাজ শুরু করে। পর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাশাপাশি বেহালার বুড়োশিবতলায় আগুন লাগে প্লাস্টিকের গোডাউনেও। আগুনের জেরে ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। আগুন দ্রুত ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।




