ওয়েব ডেস্কঃ ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্কে চাঞ্চল্য ছড়াল। বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ারইন্ডিয়ার উড়ানকে কেন্দ্র করে নিরাপত্তা সঙ্কট ও হাইজ্যাক আতঙ্ক তৈরি হয়। সূত্রের খবর, বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমান ছিনতাইয়ের বার্তা পাঠান। এরপরেই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় ও নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে তক্ষুনি বিমানবন্দরের একটি আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
প্রাথমিক ভাবে জানাগিয়েছে, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা রয়েছে। বিমানে পাওয়া গিয়েছে চিরকূট। এরপরেই উড়ান সাময়িক বাতিল করা হয়। বিমানে থাকা যাত্রীদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আইসোলেশন বে-তে নিয়ে যাওয়ার পর শুরু হয় তল্লাশি। কীভাবে এই হুমকি চিরকূট বিমানে এল। নিরাপত্তার ফাঁক গলে কিভাবে তা সম্ভব হল। এই সমস্ত প্রশ্ন উঠছে। হুমকি নাকি নিছকই মজা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিমানবন্দরের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃত পাওয়া যায়নি। কলকাতা থেকে মুম্বইগামী ওই বিমানে মোট ৯৩জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। বর্তমানে বিমানটিকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।




