ওয়েব ডেস্ক: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো কাটিয়ে এবার মা আসছেন জগদ্ধাত্রী রূপে। মাকে স্বাগত জানাতে প্রস্তুত ভক্তরা। বাংলার সর্বত্রই জগদ্ধাত্রী পুজো হলেও চন্দননগর ও কৃষ্ণনগরে উল্লেখযোগ্যভাবে এই পুজো হয়। বাংলায় পালাবদলের পর প্রথমবার জগদ্ধাত্রী পুজোর আয়োজন হতে চলেছে। দুর্গাপুজোর সময় কলকাতায় ইডেনে যেভাবে পুজোর সূচনা হয়েছিল, ঠিক একই কায়দায় চন্দননগরেও জগদ্ধাত্রী পুজোর সূচনা হতে চলেছে।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা অনুষ্ঠানে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার চতুর্থ। ওই দিনই চন্দননগরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই কারণে আগে থেকে নিরাপত্তা খতিয়ে দেখার কাজ সম্পন্ন হয়েছে।
এই অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি চন্দননগরের আদি মা,হালদার পাড়ায় প্রতিমা দর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর আগমনের কথা জেনেই আগে থেকেই সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকা। তবে চোর বাগানের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তার কারণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানেই মানুষের মেলা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন প্রতিমা দর্শন করতে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার জন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। জরুরী পরিষেবা স্বাভাবিক রাখা হচ্ছে। চন্দন নগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে কার্ড সংস্কৃতি নেই। অর্থাৎ ভিআইপি দের জন্য আলাদা করে কোন কার্ডের ব্যবস্থা করা হয় না।




