ওয়েব ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। এমনই দাবি করলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনও আইনি সুযোগ নেই। বাংলাদেশে ফিরতে হলে তাঁকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সাহায্য নিতে হবে।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, বাংলাদেশের পাসপোর্ট আইন অনুযায়ী, নির্দিষ্ট ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নতুন করে পাসপোর্ট দেওয়া যায় না। হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। তাই তাঁকে পাসপোর্ট দেওয়ার প্রশ্ন ওঠে না। তাঁর পুরনো পাসপোর্টও বাতিল করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।
আরও পড়ুন:
ক্ষমতা ধরে রাখতে বিরোধী আইজেনকোটের সঙ্গে হাত মেলাতে রাজি নেতানিয়াহু
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। সম্প্রতি বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্যও উদ্যোগী হয়েছেন বলে খবর। কিন্তু ঢাকার তরফে সেই সম্ভাবনা কার্যত নাকচ করে দেওয়া হল।
আমিনুলের বক্তব্য, হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে আবেদন জানাতে পারেন। প্রত্যর্পণ চুক্তি মেনেই তাঁকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। ফলে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে তৈরি হয়েছে আইনি ও কূটনৈতিক জটিলতা।




