HomeBig Breakingএক মুঠো মাটি, কিছু গোলাপ আর বুকের ভিতর চাপা পড়ে থাকা এক...

এক মুঠো মাটি, কিছু গোলাপ আর বুকের ভিতর চাপা পড়ে থাকা এক অসমাপ্ত মাতৃত্বের গল্প

কণাদ দাশগুপ্ত

কিছু ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে যায় না। কিছু বিচ্ছেদ এমনই, যার যন্ত্রণা বুকের গভীরে আজীবন রক্তক্ষরণ ঘটিয়ে চলে। পৃথিবীর কাছে তিনি সোনিয়া গান্ধী। রাজনীতির দীর্ঘ পথচলায় যাঁকে দেখা গিয়েছে দৃঢ়, সংযত এবং কঠিন সিদ্ধান্ত নিতে অভ্যস্ত এক ব্যক্তিত্ব হিসেবে। কিন্তু সেই পরিচয়ের আড়ালে লুকিয়ে রয়েছে এক মায়ের এমন এক ব্যক্তিগত শোক, যার কথা এত বছরেও প্রকাশ্যে আনেননি তিনি। রাহুল গান্ধীর জন্মের আগেই মা হয়েছিলেন সোনিয়া। কিন্তু মাতৃত্বের প্রথম আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। জন্মের পরদিনই মৃত্যু হয়েছিল তাঁর প্রথম সন্তানের। আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ সেই হারিয়ে যাওয়া সন্তান এবং তাঁকে ঘিরে জমে থাকা স্মৃতির কথা লিখেছেন সোনিয়া।

১৯৬৮ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান আসার খবর পেয়ে আনন্দে ভরে উঠেছিল গান্ধী পরিবার। বিশেষ করে শাশুড়ি ইন্দিরা গান্ধী ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত। কিন্তু ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের প্রায় দু’মাস আগেই পুত্রসন্তানের জন্ম দেন সোনিয়া। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় শিশুটিকে রাখা হয়েছিল ইনকিউবেটরে। সন্তানের প্রথম কান্না শুনেছিলেন সোনিয়া। পরে রাজীব গান্ধী তাঁকে নিয়ে যান সদ্যোজাতের কাছে। ঘন কালো চুল, লম্বা সরু আঙুলের ছোট্ট শিশুটিকে দেখে দু’জনেই যেন নতুন এক পৃথিবীর সন্ধান পেয়েছিলেন। কিন্তু সেই পৃথিবী গড়ে ওঠার আগেই সব শেষ। পরদিন ভোর সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয় শিশুটির।

আরও পড়ুন-

মোদি চোখে চোখ রেখে কথা বলতে পারেন না, আত্মজীবনীতে বিস্ফোরক সোনিয়া

এর পরেও যন্ত্রণা শেষ হয়নি। সন্তানের শেষকৃত্য কী ভাবে হবে, তা নিয়েও মানসিক টানাপড়েনের মধ্যে পড়তে হয়েছিল সোনিয়াকে। নদীতে বিসর্জনের প্রচলিত রীতিতে সম্মতি ছিল না তাঁর। শেষ পর্যন্ত রাজীব ও তাঁর ভাই সঞ্জয় গান্ধী মেহরৌলিতে ফিরোজ গান্ধীর খামারবাড়িতে একটি গোলাপি বোগেনভিলিয়া গাছের নীচে শিশুটিকে সমাধিস্থ করেন। সেই গাছের কাছে নিয়মিত ফুল রেখে আসতেন রাজীব ও সোনিয়া।

সোনিয়া লিখেছেন, সন্তানকে হারানোর পর দীর্ঘদিন অপরাধবোধ ও গভীর মানসিক যন্ত্রণায় ভুগেছেন তিনি। ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় রাহুল গান্ধীর। জীবনে নতুন অধ্যায় শুরু হলেও প্রথম সন্তানকে হারানোর শূন্যতা মুছে যায়নি। আত্মজীবনীর পাতায় এত দিন পর সেই স্মৃতির উন্মোচন আসলে এক মায়ের এমন এক কান্নার প্রকাশ, যা সময়ের আড়ালে থেকেও কোনও দিন থামেনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments