ওয়েব ডেস্ক: ২০০৭ সালের ১০ নভেম্বর। ২০২৬ সালের ১০ নভেম্বর। মাঝে পেরিয়েছে ১৯ বছর। কিন্তু আজও নন্দীগ্রামের ভয়াবহ স্মৃতি দগদগে। জমি আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের মাটি। এত বছর পেরিয়েও সেই আতঙ্ক কাটেনি। মঙ্গলবার নন্দীগ্রামে গিয়ে সেই স্মৃতিকে ফিরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিপিএম ও তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করেছেন তিনি।
এদিন তাঁর মুখে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শোনা গেলেও তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। নন্দীগ্রাম গণহত্যা ও আন্দোলনকে মাটি করে ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আন্দোলনে মমতার পাশে ছিলেন। কিন্তু সময় বদলেছে, পরিস্থিতিও বদলেছে। আজ সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে নন্দীগ্রাম গণহত্যা ও আন্দোলনে ভর করে বাংলাতে ক্ষমতায় এসেছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে সেই শহিদদের জন্য কিছু করেননি। যাঁদের মৃত্যু হয়েছিল তাঁদের ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। তৃণমূলকে চোর বলেও সম্বোধন করেন তিনি।
২০০৭ সালে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয় মানুষের আন্দোলন রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। তৎকালীন সিপিএমের ‘অপারেশন সূর্যোদয়’ ঘিরে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাণহানির পাশাপাশি বহু মানুষকে ঘরছাড়া হতে হয় বলে অভিযোগ ওঠে।




