ওয়েব ডেস্কঃ কেরলের পুরনো সড়ক দুর্নীতি মামলায় নতুন করে তদন্ত শুরু হতেই চাপে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার কেরলের ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন ব্যুরোর (ভিএসিবি) দপ্তরে হাজির হলেন ঠিকাদার ভি ও সজন। ২০০৬ সালে রাজ্যের পূর্তসচিব থাকাকালীন জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঠিকাদারের দাবি, প্রায় দু’দশক আগে এই মামলার তদন্ত যথাযথভাবে হয়নি। গুরুত্বপূর্ণ তথ্য থাকা সত্ত্বেও সেগুলি খতিয়ে দেখা হয়নি।
বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় কেরলে একটি সড়ক প্রকল্পের কাজ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রায় ২১৫ কোটি টাকার ওই প্রকল্পে অনিয়মের অভিযোগ সামনে আসে মালয়েশিয়ার এক ইঞ্জিনিয়ারের আত্মহত্যার পর। সেই সময় জ্ঞানেশ কুমার ছিলেন কেরলের পূর্তসচিব। অভিযোগ, প্রকল্পের অনিয়ম নিয়ে প্রাথমিক তদন্তে তাঁর নাম উঠে এলেও পরবর্তী সময়ে সেই সংক্রান্ত বয়ান বদলে দেওয়া হয়।
ঠিকাদার সজনের দাবি, সংশ্লিষ্ট সংস্থার এক মুখ্য বাণিজ্যিক ম্যানেজার প্রথম বয়ানে জ্ঞানেশ কুমারের ভূমিকার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু চার মাস পরে তাঁকে ফের তলব করা হয়। তখন বকেয়া বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বয়ান থেকে জ্ঞানেশের নাম প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে দ্বিতীয় বয়ানে তাঁর নাম আর পাওয়া যায়নি।
সম্প্রতি কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা পুরনো মামলার তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছেন। সেই সূত্রেই ফের সক্রিয় হয়েছে ভিজিলেন্স। সজনের আশা, এবার প্রামাণ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখে প্রকৃত ঘটনা সামনে আসবে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি।




