Homeরাজ্যপুরভোটে তরুণ মুখই ভরসা, প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিজেপির

পুরভোটে তরুণ মুখই ভরসা, প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল বিজেপির

প্রার্থী নির্বাচনে নতুন প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপি

ওয়েব ডেস্কঃ কলকাতা ও হাওড়া পুরভোটকে সামনে রেখে প্রার্থী নির্বাচনে নতুন প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপি। ৪০ বছরের কমবয়সি তরুণ- তরুণীদের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য জায়গা দেওয়ার পরিকল্পনা করছে গেরুয়া শিবির। দলের যুব ও মহিলা মোর্চা থেকে একাধিক নতুন মুখকে পুরভোটের ময়দানে নামানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মণ্ডল স্তর থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম সুপারিশ করে জেলা নেতৃত্বের মাধ্যমে দলের কাছে পাঠানো হয়েছে।

বিজেপি সূত্রে খবর, প্রার্থী নির্বাচনে শুধু রাজনৈতিক পরিচিতি নয়, জয়ের সম্ভাবনা, স্বচ্ছ ভাবমূর্তি, সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দলের নির্ধারিত SOP মেনেই যোগ্যতা ও অন্যান্য মাপকাঠির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা ও হাওড়ায় প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে ড্রপ বক্সে আবেদনও জমা পড়েছে।

দলীয় নেতৃত্বের দাবি, হাওড়ায় বিজেপির রাখা ড্রপ বক্সে ১২ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। কলকাতাতেও বিভিন্ন স্তরের বিশিষ্টজন-সহ বহু মানুষ প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের আবেদনকারীদের উপস্থিতিও নজর কেড়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত ২৫টি করে আবেদন জমা পড়েছে বলে দলীয় সূত্রের খবর। সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি ওয়ার্ডে ১৫ জনেরও বেশি প্রার্থী হতে চেয়েছেন।

শুধু প্রার্থী নির্বাচন নয়, শহরের ভবিষ্যৎ পরিকল্পনাতেও যুবসমাজকে যুক্ত করতে চায় বিজেপি। স্টার্ট আপ, কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, খেলাধুলো, সংস্কৃতি, গণপরিবহণ এবং ডিজিটাল নাগরিক পরিষেবার মতো বিষয় নিয়ে ওয়ার্ডভিত্তিক সংলাপের পরিকল্পনা রয়েছে। বিজেপির লক্ষ্য, তরুণদের শুধু ভোটার হিসেবে নয়, কলকাতা ও হাওড়ার উন্নয়নের সক্রিয় অংশীদার হিসেবে তুলে ধরা। পুরভোটে সেই নতুন প্রজন্মের মুখই হতে পারে গেরুয়া শিবিরের অন্যতম রাজনৈতিক শক্তি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments