ওয়েব ডেস্ক: রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের তথ্য বোর্ড, হোর্ডিং ও সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করল নবান্ন। সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ যাতে সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, প্রকল্পের কাজের জায়গায় থাকা সমস্ত তথ্য বোর্ডে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে।
প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন জেলায় কেন্দ্র ও রাজ্যের অর্থে পরিচালিত একাধিক প্রকল্পের তথ্য বোর্ডে এত দিন ইংরেজির ব্যবহারই বেশি ছিল। ফলে প্রকল্পের খরচ, কাজের বিবরণ কিংবা অর্থের উৎস সম্পর্কে সাধারণ মানুষের পক্ষে জানা কঠিন হত। সেই সমস্যা দূর করতেই এই পদক্ষেপ। নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি তথ্য বোর্ডে প্রকল্পের নাম, কাজের বিবরণ, আনুমানিক ব্যয়, অর্থের উৎস, কাজ শুরুর ও শেষের তারিখ, বাস্তবায়নকারী সংস্থার নাম এবং যোগাযোগের নম্বর বাংলায় উল্লেখ করতে হবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়, জিটিএ-সহ সংশ্লিষ্ট অঞ্চলে নেপালি ভাষায় বোর্ড লেখার অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনে সেখানে বাংলাও ব্যবহার করা যাবে।
কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে নিয়ম মেনে ইংরেজি বা হিন্দি রাখার বাধ্যবাধকতা থাকলে তা রাখা যাবে। তবে বাংলাকেই দিতে হবে প্রধান গুরুত্ব। নবান্নের নির্দেশ, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরনো তথ্য বোর্ড সংশোধন করতে হবে এবং যেখানে বোর্ড নেই, সেখানে নতুন বোর্ড লাগাতে হবে। পাশাপাশি, প্রকল্পের স্বচ্ছতা বাড়াতে ভবিষ্যতে তথ্য বোর্ডে কিউআর কোড বসানোর পরিকল্পনাও রয়েছে। কোড স্ক্যান করলেই প্রকল্পের ব্যয় ও কাজের অগ্রগতি-সহ যাবতীয় তথ্য জানতে পারবেন সাধারণ মানুষ।




