ওয়েব ডেস্কঃ বাংলাদেশের ছাত্র বিক্ষোভের কথা ভোলেনি বিশ্ববাসী। সেই প্রসঙ্গ টেনে এনে আইসা প্রধান নেহা বোরা আগেই বলেছেন বাংলাদেশের ছাত্র বিক্ষোভই অনুপ্রেরণা। প্রশান্ত ভূষণ বলেছেন দেশে রেজিম চেঞ্জই তাঁদের মূল উদ্দেশ্য। এই সমস্ত মন্তব্য সাড়া ফেলেছে দিল্লির রাজনীতিতে। এবার এই সমস্ত মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা ময়দানে নামছে বিজেপি। রাজ্যে রাজ্যে গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও পদযাত্রাও শুরু করেছে পদ্ম শিবির। এরই মধ্যে গেরুয়া শিবিরে হাতে নয়া অস্ত্র তুলে দিলেন ঝাড়খণ্ডের মন্ত্রী তথা রাজ্যের প্রভাবশালী কংগ্রেস নেতা ইরফান আনসারি।
তিনি প্রকাশ্যে বললেন, রাহুল গান্ধী ইশারা করলেই ভারতের পরিস্থিতি বাংলাদেশ-নেপালের থেকেও খারাপ হবে।ইরফান আনসারি বলছেন, গোটা দেশ আজ রাস্তায়। ৪০ লক্ষ যুবক আজ রাস্তায়। তাঁরা শান্ত আছে শুধু রাহুল গান্ধীর দিকে তাকিয়ে। রাহুল গান্ধী ইশারা করলেই ভারতের অবস্থা বাংলাদেশ-নেপালের থেকেও খারাপ অবস্থা হবে।ঝাড়খণ্ডের মন্ত্রীর ওই মন্তব্য হাতিয়ার করে আসরে নেমে গিয়েছে বিজেপি।
গেরুয়া শিবির বলছে, ইরফান আনসারি গোপন কথাটি ফাঁস করে দিয়েছেন। অরাজকতা তৈরিই যে কংগ্রেসের আসল উদ্দেশ্য সেটা তাঁর মন্তব্যে স্পষ্ট। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলছেন, এটা কোনও সাধারণ মন্তব্য নয়। এই মন্তব্যকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বে যে জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলন চলছে দেশে, সেটাকেও ওই একই সারিতে অরাজকতা তৈরির চেষ্টা হিসাবেই দেখাচ্ছে বিজেপি। এবার গেরুয়া শিবিরের হাতে নয়া অস্ত্র দিলেন কংগ্রেস নেতা।




