কলকাতা: শিল্পায়নের জন্য বিনিয়োগ চাই, কিন্তু সেই বিনিয়োগের নামে কোনও আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগকে প্রশ্রয় নয়। নতুন শিল্পনীতি ঘোষণার মঞ্চ থেকে শিল্পপতিদের উদ্দেশে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট ঘোষণা, যাঁদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইয়ের মামলা রয়েছে, তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে কোনও ‘ওয়ার্কিং রিলেশন’ রাখা সম্ভব নয়।
রাজ্যের শিল্পনীতি প্রকাশ অনুষ্ঠানে শিল্পমহলের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই অবস্থান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে দেখা হলে সৌজন্য বিনিময় করতে পারেন। কিন্তু সরকারি দায়িত্বে থেকে তাঁদের সঙ্গে কাজের সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা তছরুপ বা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের সঙ্গেও সরকারি সম্পর্ক রাখার প্রশ্নে আপত্তি জানান তিনি।
আরও পড়ুন:
পুরভোটের বিজ্ঞপ্তি এখনই জারি নয়, আগে হবে ওয়ার্ড পুনবিন্যাসের নিষ্পত্তি, নির্দেশ হাইকোর্টের
তবে কোনও শিল্পপতি বা সংস্থার নাম উল্লেখ করেননি শুভেন্দু। এই নীতি কী ভাবে কার্যকর হবে, তার বিস্তারিত ব্যাখ্যাও দেননি।
শিল্পপতিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় বিনিয়োগের পথে তোলাবাজি, রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা বাধা বরদাস্ত করা হবে না। তোলাবাজির অভিযোগ উঠলে ১৫ মিনিটের মধ্যে গ্রেফতারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ডানকুনি ও দুর্গাপুরের টোল প্লাজায় বেআইনি আদায় বন্ধ করার দাবিও করেন মুখ্যমন্ত্রী।
নতুন শিল্পনীতির মাধ্যমে একদিকে বিনিয়োগ টানার প্রতিশ্রুতি, অন্যদিকে স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলার প্রশ্নে কঠোর অবস্থান—এই দুই বার্তাই শিল্পমহলকে দিতে চাইলেন শুভেন্দু।




