ওয়েব ডেস্কঃ উৎসবের মরসুমে ফের বড়সড় অগ্নিকাণ্ড। চলন্ত ট্রেনে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পাঞ্জাবের অমৃতসর থেকে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হওয়া কর্মভূমি এক্সপ্রেসে লেগে যায় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের একাধিক কামরা। পাঞ্জাবের পাতিয়ালার কাছে ঘটেছে ঘটনাটি। সূত্রের খবর, চলন্ত ট্রেনের ইঞ্জিন সহ একাধিক কামরায় আগুন লেগে যাওয়ার পর দ্রুত সারা ট্রেনে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। একাধিক যাত্রী আহত হন ঘটনায়।
দুপুর দেড়টা নাগাদ রাজপুরা থেকে ১৫ কিলোমিটার দূরে বসন্তপুরা স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে ওঠা কালো ধোঁয়া নজরে আসে। মুহূর্তের মধ্যে বাংলা গামী কর্মভূমি এক্সপ্রেসের একের পর এক কামরায় আগুন ছড়িয়ে পড়ে। সরাইবাঞ্জারা এলাকায় থামানো হয় ট্রেনটিকে। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়া যাত্রীদের আর্তনাদে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসনিক কর্তারা। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। তবে কী ভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানানো হয়েছে রেলের তরফে।




