কলকাতা: বাম আমলের শিল্পনীতি এবং জমি অধিগ্রহণ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সমালোচনার জবাব দিতে গিয়ে বুদ্ধদেবের পাশে দাঁড়ালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে একই সঙ্গে শিল্পনীতির দায় প্রসঙ্গে সামনে নিয়ে এলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম।
বাম আমলে শিল্পনীতি গ্রহণ ও ঘোষণার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। বিমান বসুর বক্তব্য, জ্যোতি বসুর নেতৃত্বেই বামফ্রন্ট সরকার শিল্পনীতি তৈরি ও ঘোষণা করেছিল। সেই নীতিতে কোনও সমস্যা থেকে থাকলে তার দায় জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকারের। বুদ্ধদেব ভট্টাচার্য সেই নীতি কার্যকর করার দায়িত্ব পেয়েছিলেন মাত্র। অর্থাৎ, শিল্পায়নের সিদ্ধান্তের দায় একা বুদ্ধদেবের উপর চাপানো যায় না বলেই বুঝিয়ে দিয়েছেন বিমান।
আরও পড়ুন:
এখনই হচ্ছে না কলকাতা পুরভোট! নির্বাচনী বিজ্ঞপ্তি জারিতে আইনি স্থগিতাদেশ হাইকোর্টের
প্রসঙ্গত, বৃহস্পতিবার নতুন শিল্পনীতি ঘোষণার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বাম আমলের জমি অধিগ্রহণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি এবং ২০০৭ সালের ১৪ মার্চের ঘটনার প্রসঙ্গ তুলে বুদ্ধদেবের ভূমিকার সমালোচনা করেন তিনি। সরকারের বক্তব্য, তৎকালীন জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় আইনি জটিলতা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রশ্ন ছিল।
বিমানের এই মন্তব্য ঘিরে সিপিএমের অন্দরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, অনিল বিশ্বাসের মৃত্যুর পর ২০০৬ সালে দলের রাজ্য সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন বিমান। ফলে জ্যোতি বসুর প্রসঙ্গ তুলে শিল্পনীতির দায় নির্ধারণে তাঁর বক্তব্য রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।




