ওয়েব ডেস্ক: জাতীয় দলের জার্সি তুলে রাখলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি। তবে মাঠের বাইরে আর্থিক সাম্রাজ্যে তাঁর দাপট এখনও অটুট।
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, কেরিয়ারে ২ বিলিয়ন ডলার আয়ের গণ্ডি পার করা প্রথম সক্রিয় অ্যাথলিট হলেন রোনাল্ডো। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার। টানা চার বছর বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলিটও তিনিই। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সম্পত্তি ১.১ বিলিয়ন ডলার, অর্থাৎ রোনাল্ডো কিছুটা এগিয়ে।
সৌদি ক্লাব আল-নাসরে খেলে বছরে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি পান রোনাল্ডো। আগে ম্যান ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসে খেলার সময়ও টানা ১০ মরশুম বছরে অন্তত ১০০ মিলিয়ন ডলার আয় করেছেন। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও এই মরশুমের শেষ পর্যন্ত আল-নাসরের হয়েই খেলবেন। লক্ষ্য একটাই, কেরিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়া।
আরও পড়ুন:
মাঠের বাইরেও রোনাল্ডোর সাফল্য চোখে পড়ার মতো। তাঁর নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড ‘সিআরসেভেন’-এর পণ্যের তালিকায় আছে অন্তর্বাস, জুতো, পারফিউম ও চশমা। এ ছাড়া রয়েছে পেস্তানা হোটেল গ্রুপ এবং ‘উরসু৯’ নামের অ্যালকালাইন জলের ব্র্যান্ড। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানাও তাঁর হাতে।
বিজ্ঞাপনের দুনিয়ায় নাইকি, হার্বালাইফ, বাইন্যান্স, জ্যাকব অ্যান্ড কো, ক্লিয়ার, পারপ্লেক্সিটি এআই, সিক্সপ্যাড, হুড ও ভিস্তা অ্যালেগ্রের মতো নামী সংস্থার মুখও তিনি। মাঠে হোক বা মাঠের বাইরে, রোনাল্ডো যে এখনও একই ছন্দে এগিয়ে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।




