ওয়েব ডেস্ক: কলকাতা, হাওড়া ও সল্টলেকের ফুটপাত হকারমুক্ত করে তৈরি হবে নির্দিষ্ট হকার জোন। অন্যদিকে, মুম্বইয়ের মেরিন ড্রাইভের আদলে সাজবে গঙ্গার দুই পাড়। কলেজ স্ট্রিট পাবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের ছোঁয়া। ট্যাংরার চায়না টাউনও পাবে আন্তর্জাতিক মানের নতুন রূপ। রাজ্যের নগরায়ন ও সৌন্দর্যায়নে এমনই একগুচ্ছ বড় প্রকল্পের উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।
এই পরিকল্পনা বাস্তবায়নে সোমবার কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (NBCC)-র সঙ্গে ন’টি মৌ চুক্তি করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সল্টলেকে চুক্তি স্বাক্ষরের পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা, হাওড়া, সল্টলেক-সহ একাধিক গুরুত্বপূর্ণ জনপদকে আধুনিক শহরের আদলে গড়ে তোলাই লক্ষ্য।
প্রকল্প অনুযায়ী, কলেজ স্ট্রিটের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আধুনিকীকরণ করা হবে। গঙ্গার দুই পাড়ে তৈরি হবে চার লেনের রাস্তা, হাঁটার পথ ও সাইকেল ট্র্যাক। ট্যাংরার চায়না টাউনে চিনা ঐতিহ্য বজায় রেখেই হবে সৌন্দর্যায়ন। কলকাতার ফুটপাতের হকারদের জন্য তৈরি হবে নির্দিষ্ট ভেন্ডিং জোন, ফুড স্ট্রিট ও ফুড কোর্ট। থাকবে কিউআর কোডে টাকা দেওয়ার ব্যবস্থা।
পাশাপাশি, বস্তিবাসীদের জন্য পাকা আবাসন, মায়াপুর-নবদ্বীপের পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং চন্দননগরের নদীতীরের সৌন্দর্যায়নও পরিকল্পনায় রয়েছে। সল্টলেকের সরকারি আবাসন পুনর্নির্মাণ এবং রাজ্যজুড়ে আধুনিক শৌচাগার তৈরির দায়িত্বও দেওয়া হচ্ছে এনবিসিসিকে।
কলকাতার সৌজন্য ও ধনধান্য অডিটোরিয়ামের মতো প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার রাজ্যের নগরায়নে কেন্দ্রীয় সংস্থার উপর ভরসা রাখছে সরকার।




