ওয়েব ডেস্ক : পড়াশোনায় ভাল ফলের পুরস্কার যে দামি উপহার হতে পারে, তার নজির গড়লেন পূর্ব বর্ধমানের গলসির ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা। নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভাল ফল করায় ১৪ বছরের ছেলেকে প্রায় দু’কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন তিনি। বাবার এমন অভিনব উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত কিশোর। তবে আপাতত নিজে গাড়ি চালানোর সুযোগ নেই। বাবার পাশের আসনে বসেই বিলাসবহুল গাড়িতে ঘুরবে সে।
গলসির পারাজে সামসুদ্দিনের বাড়ির গ্যারাজে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা ও হুন্ডাইয়ের মতো সংস্থার একাধিক গাড়ি। চাল আমদানি-রফতানির ব্যবসার পাশাপাশি তাঁর চালকলও রয়েছে। বিলাসবহুল গাড়ির প্রতি বরাবরই দুর্বলতা রয়েছে সামসুদ্দিনের। সম্প্রতি মুম্বই থেকে কিনে এনেছেন বিএমডব্লিউয়ের ‘এম ৪ কমপিটিশন’ সিরিজের সাও পাওলো ইয়েলো রঙের গাড়িটি। ওই মডেলের দাম শুরু প্রায় ১ কোটি ৬২ লক্ষ ৯০ হাজার টাকা থেকে। তবে সামসুদ্দিনের দাবি, তাঁর কেনা গাড়িটির দাম পড়েছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা।
কলকাতার ২০৯ ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর, বিরোধীদের হুঁশিয়ারি
ছেলের বয়স এখনও গাড়ি চালানোর উপযুক্ত হয়নি। তাই আপাতত পরিবারের সঙ্গেই গাড়িতে ঘুরবে সে। সামসুদ্দিনের কথায়, ছেলেকে ভালবাসেন, পাশাপাশি নিজেরও গাড়ির শখ রয়েছে। দু’দিকই পূরণ হয়েছে এই কেনাকাটায়।
নবম শ্রেণির ওই ছাত্রের কথায়, সপ্তাহে অন্তত এক দিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে পারবে। এই উপহার পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে বলেও জানিয়েছে সে। আগামী দিনে আরও বড় পরীক্ষায় ভাল ফল করার লক্ষ্য নিয়েছে কিশোর। বাবার আশা, দামি উপহারের আনন্দ ছেলের পড়াশোনার আগ্রহ আরও বাড়াবে।




