নয়াদিল্লি: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, দিল্লির রামলীলা ময়দানের সমাবেশ থেকেই শুরু হবে নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিদায়ের প্রক্রিয়া। ভোট চুরির অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর জনআন্দোলনের ডাক দিয়েছেন তিনি।
রাহুল গান্ধী বলেন, এই আন্দোলন কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা ইন্ডিয়া জোটের কর্মসূচি নয়। এটি গণতন্ত্র রক্ষার লড়াই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে তাঁর অভিযোগ, মোদি ও অমিত শাহের নির্দেশেই ভোট চুরির ঘটনা ঘটেছে। যতদিন না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন, ততদিন আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
মৃত্যু-মুহূর্ত পর্যন্ত দেশসেবার শপথ, গুজরাত থেকে বার্তা মোদির
আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, শ্রমিক, কৃষক, ছাত্র ও যুবদেরও সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাহুলের ঘোষণা, প্রথমে হবে পদযাত্রা। সেখান থেকে রামলীলা ময়দানে পৌঁছবেন আন্দোলনকারীরা। একইসঙ্গে অমিত শাহের বিরুদ্ধে সমাবেশে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। অন্যদিকে, উৎসবের মরশুমে দিল্লিতে এই কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি।




