HomeBig Breakingইনস্টাগ্রামে সোনিয়া গান্ধীর নতুন ইনিংস

ইনস্টাগ্রামে সোনিয়া গান্ধীর নতুন ইনিংস

আত্মজীবনীর প্রথম ঝলকে উঠে এল প্রেম, শোক, রাজনীতির কথা

কণাদ দাশগুপ্ত

সোশ্যাল মিডিয়ায় নতুন ইনিংস শুরু করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী। ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেই নিজের আসন্ন আত্মজীবনী ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এর প্রথম ঝলক প্রকাশ করলেন তিনি। আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশিত হতে চলেছে বইটি। ব্যক্তিগত স্মৃতি, প্রিয়জনকে হারানোর বেদনা এবং রাজনীতিতে তাঁর দীর্ঘ যাত্রার নানা অধ্যায় এই স্মৃতিকথায় উঠে আসবে বলে প্রত্যাশা।

প্রথম পোস্টে সোনিয়া লিখেছেন, এই বই ভালবাসা, কর্তব্য, হারানোর যন্ত্রণা এবং নিজের আশ্রয়ের ঠিকানা খুঁজে পাওয়ার গল্প। বইটির প্রকাশিত হতে চলা সংস্করণ হাতে নিয়ে পাতা ওল্টানোর একটি ভিডিয়োও ভাগ করেছেন তিনি। সেখানে ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর শৈশবের একগুচ্ছ ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁকে। আপাতত ইনস্টাগ্রামে মাত্র তিনটি অ্যাকাউন্ট অনুসরণ করছেন সোনিয়া—রাহুল, প্রিয়াঙ্কা এবং কংগ্রেসের সরকারি পেজ।

 

 

View this post on Instagram

 

A post shared by Aditya Garg (@adityagarginc)

৫৪৪ পাতার এই আত্মজীবনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালিতে সোনিয়ার শৈশব, ভারতে আসা, রাজীব গান্ধীর সঙ্গে প্রেম ও বিবাহের স্মৃতি স্থান পেয়েছে বলে জানা যাচ্ছে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর তাঁর ব্যক্তিগত জীবনে নেমে আসা বিপর্যয় এবং পরবর্তী সময়ে রাজনীতিতে প্রবেশের অভিজ্ঞতাও বইটির অন্যতম আকর্ষণ। ২০০৪ সালে UPA-র জয়ের পর প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করার সিদ্ধান্তের নেপথ্য কাহিনি নিয়েও পাঠকদের আগ্রহ রয়েছে।

তবে প্রকাশের আগেই বিতর্কে জড়িয়েছে বইটি। গত অগস্টে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া সম্পাদনাগত পরিবর্তন নিয়ে মতবিরোধের কারণে বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় বলে খবর প্রকাশিত হয়। কংগ্রেসের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এবং ভারত-চিন সম্পর্ক নিয়ে কিছু বিষয় বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। পেঙ্গুইন অবশ্য বাহ্যিক চাপের অভিযোগ অস্বীকার করে। শেষ পর্যন্ত ভারতের বাজারে বইটির প্রকাশনার দায়িত্ব নিয়েছে হার্পারকলিন্স ইন্ডিয়া। আন্তর্জাতিক বাজারে প্রকাশনার দায়িত্বে থাকছে পেঙ্গুইনের মার্কিন শাখা আলফ্রেড এ নফ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments