কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শর্তসাপেক্ষ জামিনের মেয়াদ আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাড়াল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায় এই নির্দেশ দেন। ফলে আপাতত আইনি স্বস্তি পেলেন মিলন। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অজিতেশ পাণ্ডে ও জুবের রউফ।
২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন পর্বে খুন, খুনের চেষ্টা, জমায়েত ও লুটপাট-সহ একাধিক অভিযোগে মিলনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল হাই কোর্ট। ৭ অক্টোবর সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। উপনির্বাচন প্রক্রিয়া শেষে ২১ অক্টোবর হলদিয়া আদালতে আত্মসমর্পণের কথা ছিল তাঁর। তার আগেই জামিনের মেয়াদ বাড়ল।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, বিচারবিভাগের উপর আস্থা রেখেই আইনি লড়াই চালিয়ে যাবে দল। ৬ অক্টোবরের উপনির্বাচনে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের কাছে পরাজিত হয়েছিলেন মিলন।




