ওয়েব ডেস্ক: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানী। দু’দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিল্লির ইন্দ্রপ্রস্থের একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯৮ বছর বয়সি এই রাজনীতিক। তবে বাড়িতে ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন আডবানী। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুকে সংক্রমণের কারণে হাসপাতালের পালমোনারি বিভাগের আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছিল। অবস্থার উন্নতি হওয়ায় সোমবার তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত কয়েক বছর ধরেই অসুস্থতার কারণে জনসমক্ষে খুব একটা দেখা যায় না আডবানীকে। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে গত বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাড়িতে গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দিয়েছিলেন। চলতি বছরের মে মাসেও বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন। এ বছর এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।




