কলকাতা: দুর্গাপুজোর চাহিদায় শুক্রবার ও শনিবার, দু’দিনে কলকাতার জগন্নাথঘাট ফুলবাজারে বিক্রি হয়েছে প্রায় ৫০ লক্ষ পদ্ম। সন্ধিপুজোয় বিপুল পরিমাণ পদ্মের প্রয়োজন হওয়ায় নবমী পর্যন্ত বাজার চাঙ্গা থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাঁদের অনুমান, মঙ্গলবার পর্যন্ত পদ্ম বিক্রির চাহিদা ভালো থাকবে।
সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির তরফে বলা হয়েছে, অন্য বছরের তুলনায় এ বার পদ্মের ফলন ভালো হয়েছে। ফলে পুজোয় পদ্মের আকাল হওয়ার আশঙ্কা নেই। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের হিমঘরে মজুত থাকা পদ্মও ইতিমধ্যে বাজারে চলে এসেছে।
রাজ্যের বিভিন্ন জেলার খাল-বিল, জলাশয় ও রেললাইন সংলগ্ন নয়ানজুলিতে পদ্মের চাষ হয়। শনিবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের জেলার খুচরো ব্যবসায়ীরা ফুল কিনতে ভিড় করেন। পদ্মের পাশাপাশি গাঁদা ও রজনীগন্ধার মালার চাহিদাও ভালো থাকায় খুশি চাষি ও বিক্রেতারা।




