ওয়েব ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর বিভিন্ন রাস্তার নাম বদলের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। এই পদক্ষেপের প্রতিবাদে সোমবার কলকাতায় সমাবেশ করল বামপন্থী দলগুলি। তাদের অভিযোগ, রাস্তার নাম পরিবর্তনের আড়ালে ইতিহাস বদলানোর চেষ্টা করছে রাজ্য সরকার। যদিও সরকারের বক্তব্য, নামকরণের ক্ষেত্রে ভারতীয় ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হবে।
প্রথমে ধর্মতলায় লেনিন মূর্তির কাছে সমাবেশের ডাক দেওয়া হলেও, প্রশাসনের আপত্তিতে শেষ পর্যন্ত স্থান বদলে তা হয় সুবোধ মল্লিক স্কোয়ারে। প্রশাসন সূত্রে দাবি, ওই সময়ে ধর্মতলা পর্যন্ত বিজেপির মিছিল ছিল।
সমাবেশ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিজেপি সরকারকে ‘নাম বদলের সরকার’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, স্কুলে শিক্ষক নিয়োগ কিংবা খন্দে ভরা রাস্তা মেরামতির মতো জরুরি কাজ না করে সরকার রাস্তার নাম বদল করছে। সেলিমের হুঁশিয়ারি, “আমরা ইতিহাসকে বদলাতে দেব না, নতুন ইতিহাস তৈরি করব।”
এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের অভিযোগ, রাস্তার নাম বদল রাজ্যের গণ-আন্দোলনের সংস্কৃতির উপর আক্রমণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামকরণ-সংক্রান্ত মন্তব্যের বিরোধিতা করে বাম নেতৃত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের বিশ্বজনীন অবদানের কথা তুলে ধরেন। রামকৃষ্ণের ‘যত মত, তত পথ’ দর্শনের কথাও স্মরণ করানো হয়। পুজোর পরে রাস্তার নাম বদলের বিরোধিতায় নাগরিক কনভেনশনের আয়োজন করবে বাম দলগুলি।




