কলকাতা: দিল্লির পর এ বার কলকাতায় ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল। মঙ্গলবার দুপুরে রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত প্রস্তাবিত মিছিলে হাঁটতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে প্রচারপত্রও প্রকাশ করা হয়েছে। তবে কর্মসূচিতে পুলিশের অনুমতি নিয়ে সংশয় রয়েছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের পর, এবার কলকাতায় প্রতিবাদের আঁচ এসে পড়েছে। এসআইআরকে কেন্দ্র করে ‘ভোটচুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে বিরোধীরা। দিল্লিতে সুপ্রিম কোর্ট অভিযানেও যোগ দিয়েছিলেন মমতা। এ বার কলকাতার পথে নামার প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে তিলোত্তমার বুকে জ্ঞানেশ কুমার হটাও মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল। রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত এই মিছিলে হাঁটতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু পুজোর মরসুমে যান চলাচল ও জনসমাগমের কথা মাথায় রেখে পুলিশ মিছিলের অনুমতি দেবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।




