ওয়েব ডেস্ক: কলকাতার পুরভোটে প্রার্থী বাছাইয়ে এবার সাধারণ মানুষের দরজায় পৌঁছতে চাইছে বিজেপি। পুজোর পর প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডে পুরনির্বাচনের আগে প্রার্থী হওয়ার আগ্রহীদের জন্য ড্রপ বক্স চালুর কথা রবিবার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর আহ্বান, রাজনীতির পরিচিত বৃত্তের বাইরে থেকে সমাজের কৃতী, প্রথিতযশা ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিরাও এগিয়ে আসুন। নতুন কলকাতা গড়ার দায়িত্ব নিন।
কলকাতা পুরনিগম নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত জানান, সোমবার থেকে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য কার্যালয়ে রাখা হবে ড্রপ বক্স। কার্যালয় খোলা থাকা পর্যন্ত সেখানে নিজেদের বায়োডাটা জমা দিতে পারবেন আগ্রহীরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, সমাজসেবী এবং যুবসমাজের প্রতিনিধিদের বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, প্রার্থী নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি ও জনগ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে।
সুকান্তর দাবি, বিজেপির নেতৃত্বে তৈরি হবে নতুন কলকাতা—যেখানে প্রোমোটাররাজ বা ডেভেলপাররাজের জায়গা থাকবে না। তাঁর কটাক্ষ, “৪৯ বছর মানুষ পরিষেবা পাননি। স্পিড ব্রেকার সরে যেতেই কাজে গতি এসেছে।” তাঁর কথায়, জেতার সম্ভাবনা রয়েছে, এমন প্রার্থীদেরই টিকিট দেওয়া হবে। দেবীপক্ষকে ড্রপ বক্স উদ্বোধনের জন্য বেছে নেওয়ার কথাও জানান তিনি।
বিজেপির এই উদ্যোগে লক্ষ্য শুধু প্রার্থী খোঁজা নয়, পুরভোটের লড়াইয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে আনা। এখন দেখার, এই আহ্বানে কত জন কৃতী ও পেশাজীবী নির্বাচনী ময়দানে নামতে আগ্রহী হন।




