ওয়েব ডেস্ক: চাকরির কাজ ঘুমানো! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই অভিনব ইন্টার্নশিপে অংশ নিয়ে প্রায় ৯ লক্ষ ৬০ হাজার টাকা জিতে নিলেন মুম্বইয়ের বাঙালি তরুণী জিনিয়া চট্টোপাধ্যায়। শুধু নগদ পুরস্কার নয়, সংস্থার তরফে বিনামূল্যে বেড়াতে যাওয়ার সুযোগও পেয়েছেন তিনি। ওয়েকফিট নামে একটি ম্যাট্রেস ও গৃহসজ্জার সামগ্রী প্রস্তুতকারী সংস্থার আয়োজিত ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর পঞ্চম মরশুমে বিজয়ী হয়েছেন জিনিয়া।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দেশজুড়ে দু’লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। কয়েক দফার বাছাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের পর মাত্র ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। প্রায় ৬০ দিন ধরে চলে প্রতিযোগিতা। নির্দিষ্ট সময়ে ঘুমানো, নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখা এবং ঘুমের মান উন্নত করাই ছিল অংশগ্রহণকারীদের প্রধান কাজ। তাঁদের ঘুমের ধরন পর্যবেক্ষণ করে প্রতিদিন স্কোর দেওয়া হতো।
আরও পড়ুন:
তবে শুধু ঘুমোলেই মিলত না সাফল্য। প্রতি সপ্তাহে ছিল নানা সৃজনশীল চ্যালেঞ্জ। কখনও সিনেমার দৃশ্য নতুনভাবে উপস্থাপন, কখনও ঘুমের অভ্যাস নিয়ে পরীক্ষা, আবার কখনও কথোপকথনের মধ্যে নির্দিষ্ট শব্দ ব্যবহারের মতো মজার কাজ করতে হয়েছে প্রতিযোগীদের।
শেষ পর্বে চার প্রতিযোগীর মধ্যে লড়াই হয়। ‘মেমরি ফোম চ্যালেঞ্জ’ এবং ‘স্লিপ অকশন’-এর পর শেষ রাতের ঘুমের স্কোরের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হন জিনিয়া।




