ওয়েব ডেস্কঃ পার্লামেন্টে নির্বাচনের ভোট গণনার পর ইজরায়েলের রাজনৈতিক অচলাবস্থা এখনও কাটছে না। ইজরায়েলে সরকার গঠনের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী তথা বিরোধী নেতা গাদি আইজেনকটকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য তাঁর হাতে ২৮ দিন সময় আছে।প্রয়োজনে আরও ১৪ দিন সময় দেওয়া হতে পারে। এই সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে প্রেসিডেন্ট অন্য কোনও প্রার্থীকে আমন্ত্রণ জানাবেন।
অন্যদিকে প্রেসিডেন্টের আমন্ত্রণ পেয়ে সমাজমাধ্যমে মুখ খুলেছেন আইজেনকট। সরকার গঠনের জন্য তিনি আশাবাদী বলে জানিয়েছেন। ইজরায়েলের আইনসভা নেসেটের মোট আসন সংখ্যা ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন, যা একক ভাবে কোনও দল পায়নি। নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন শাসকজোট ৫৩টি এবং প্রাক্তন সেনাপ্রধান আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসনে জয় পেয়েছে। ১৯টি আসন পেয়েছে আরব দলগুলি। পরিস্থিতি এমনি যে আরব দলগুলির সমর্থন না পেলে সরকার গঠন করা সম্ভব নয়। কিন্তু আইজেনকট আগেই জানিয়েছেন তিনি আরব দলগুলির সঙ্গে হাত মেলাবেন না। যদিও আরব নেতারা জানিয়েছেন তাঁরা প্রথমে সরকার গঠনে আইজনকটকেই সুযোগ দেবেন।
নেতানিয়াহু এবং তাঁর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দলগুলির উপর আরব নেতারা ক্ষুব্ধ। আরব দলগুলির সমর্থন পাওয়ায় আইজ়েনকটকে প্রেসিডেন্ট সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্টের আমন্ত্রণের পর আইজ়েনকটের সামনে এখন তিনটি বিকল্প আছে বলে বিশেষজ্ঞেরা মনে করছেন। আরব দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সংখ্যালঘু সরকার গঠন করা, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আরব দলগুলির ভোট নির্ণায়ক হয়ে দাঁড়াবে। তবে দ্রুত সরকার গঠন নিয়ে জট না কাটলে ফের নতুন করে ভোট হবে বলে সূত্রের খবর।




