ওয়েব ডেস্ক: আসন্ন পুরভোটে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-র সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। কলকাতা ও হাওড়ার পুরভোটে কোনও দলের সঙ্গে জোট না করে একক ভাবে লড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক অরূপ রায়। দুই শহরের সব ওয়ার্ডে প্রার্থী দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে তাঁর দল। ফলে পুরভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং ঋতব্রত শিবিরের সংঘাত নতুন মাত্রা পেল।
পুরভোটে NCPI-র সঙ্গে ঋতব্রত শিবিরের যোগ রয়েছে বলে কালীঘাটের তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল। কয়েক জন কাউন্সিলরের নামও সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই অরূপ রায় বলেন, “NCPI-এর সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এনসিপিআই আলাদা পার্টি। এনসিপিআই বিজেপির সঙ্গে মার্জ করেছে। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আস্থা ভোট সংক্রান্ত মন্তব্যের প্রসঙ্গেও প্রতিক্রিয়া দিয়েছেন অরূপ। বিজেপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্যক্তিগত ভাবে তিনি এমন কোনও সমঝোতার পক্ষে নন। তাঁর দাবি, নির্বাচনে লড়ার জন্যই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। তাঁরাই আসল তৃণমূল কংগ্রেস বলেও দাবি করেন তিনি।
দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে ঋত-শিবির জানিয়েছে, প্রতীকের অপেক্ষায় রয়েছেন তাঁরা। ৩০ অক্টোবর বৈঠক রয়েছে। নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর পুরোদমে প্রস্তুতি শুরু হবে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে ভাঙন এবং NCPI-র সঙ্গে বিজেপির সম্ভাব্য সমঝোতা নিয়ে জল্পনার আবহেই আসছে কলকাতা ও হাওড়ার পুরভোট। ঋতব্রত শিবিরের একা লড়ার ঘোষণায় সেই সমীকরণ আরও জটিল হল।




