ওয়েব ডেস্ক: দীর্ঘ চার দশকের রক্তক্ষয়, আতঙ্ক আর হিংসার অন্ধকার পেরিয়ে নতুন আশার আলো দেখছে ভারত। যে নকশালবাদ একসময় দেশের বিস্তীর্ণ অঞ্চলকে বন্দুকের নলের মুখে বন্দি করে রেখেছিল, সেই সশস্ত্র নকশালবাদের অবসান ঘটেছে। গত বছর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে যে সংকল্প নিয়েছিলেন, মাত্র এক বছরের মধ্যেই তা পূরণ হয়েছে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে লড়াই এখনও শেষ হয়নি। এবার দেশকে ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সতর্ক থাকার ডাক দিলেন তিনি।
গুজরাটের একতা নগরে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকীতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ২০১৫ সালে দেশের ১২৬টি জেলা নকশালপ্রবণ ছিল। ২০২৬ সালের মার্চে সেই সংখ্যা শূন্যে নেমে এসেছে। একসময় যে এলাকাগুলিতে হিংসা ছিল নিত্যসঙ্গী, সেখানে এখন রাস্তা, স্কুল, মোবাইল নেটওয়ার্ক ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছচ্ছে। উন্নয়নের মূলস্রোতে ফিরছে প্রান্তিক জনপদ।
আরও পড়ুন:
তবে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা, সশস্ত্র নকশালবাদ শেষ হলেও আদর্শগত উগ্রপন্থার বিপদ রয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, সমাজমাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়ানো এবং ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
এদিন বিরোধীদেরও তীব্র আক্রমণ করেন মোদি। তাঁর কথায়, বিরোধী পক্ষের দায়িত্ব সরকারের নীতির সমালোচনা করা, কিন্তু বিরোধীরা এখন উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। হতাশা ও নিরাশা থেকেই তারা দেশের অগ্রগতিকে আটকাতে চাইছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।




