HomeBig Breakingরাগের বলি পোষ্য দুই কুকুর! বিচ্ছেদের প্রতিশোধে নৃশংসতার অভিযোগ লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে

রাগের বলি পোষ্য দুই কুকুর! বিচ্ছেদের প্রতিশোধে নৃশংসতার অভিযোগ লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: সম্পর্কের বিচ্ছেদ কি এতটাই ভয়াবহ প্রতিহিংসার জন্ম দিতে পারে? মানুষের উপর জমে থাকা রাগের শাস্তি কি পেতে হবে অবলা প্রাণীদের? যাদবপুরের বিক্রমগড়ের এক ঘটনায় উঠছে এমনই একাধিক প্রশ্ন। লিভ-ইন সম্পর্কের টানাপড়েনের জেরে সঙ্গীর পোষ্য দুই কুকুরকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সঞ্জীব ভট্টাচার্য এবং তাঁর লিভ-ইন সঙ্গী ডিজে পরি নভা। সম্প্রতি তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। সঞ্জীবকে ছেড়ে ফ্ল্যাট থেকে চলে যান পরি। তবে নিজের দুই পোষ্য কুকুরকে ফ্ল্যাটেই রেখে যান তিনি। অভিযোগ, সঙ্গীর চলে যাওয়ার ক্ষোভ গিয়ে পড়ে নিরীহ প্রাণী দুটির উপর। প্রতিহিংসার বশে সঞ্জীব তাঁর প্রাক্তন সঙ্গীকে ভিডিয়ো কল করেন। সেই কলেই একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিজের চোখের সামনে পোষ্যের এমন ভয়াবহ পরিণতি দেখতে হয় পরিকে। যে প্রাণীগুলি কোনও অপরাধ করেনি, তাদেরই কেন এমন নিষ্ঠুরতার শিকার হতে হল, সেই প্রশ্ন উঠছে।

ঘটনার খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ বিক্রমগড়ের ওই ফ্ল্যাটে পৌঁছয়। সেখান থেকেই সঞ্জীবকে আটক করা হয়েছে। দুই পোষ্য কুকুরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মানুষের সম্পর্ক ভাঙতে পারে, অভিমান-অভিযোগও থাকতে পারে। কিন্তু সেই ব্যক্তিগত রাগের বলি কেন হবে অবলা প্রাণীরা? বিক্রমগড়ের এই ঘটনা ফের সামনে আনল প্রাণীদের নিরাপত্তা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments