ওয়েব ডেস্ক: উমার আগমনে মাতোয়ারা বাঙালি। মাতৃভূমি থেকে বহু দূরে থাকলেও দুর্গাপুজোর আনন্দ থেকে দূরে থাকা যায় না। প্রবাসে থেকেও মাতৃ বন্দনায় মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা। কলকাতার মত আলোর রোশনাই, ছুটির আমেজ না থাকলেও নিজেদের মতো করে পুজোর আয়োজন করেছেন তাঁরা। সাউথ জার্সি থেকে দক্ষিণ ক্যারোলিনায় উমা বরণ।
শিকড়ের টান ও আবেগ নিয়ে এক হয়েছেন প্রবাসী বাঙালিরা। কলকাতার মতো জমজমাট না হলেও, থিমের ঘনঘটা না থাকলেও সাবেকিয়ানায় মেতে উঠেছেন তাঁরা। প্রতিমা, সাজসজ্জা থেকে খাওয়া-দাওয়া সবকিছুতেই রয়েছে বাঙালিয়ানা ছোঁয়া। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় মহিলাদের পৌরহিত্যে হচ্ছে পুজো। কুমারটুলি থেকে প্রতিমা পাড়ি দিয়েছে দক্ষিণ ক্যারোলিনায়।
দুর্গাপুজোর আনন্দে মেতেছেন টেমস পাড়ের বাসিন্দারা। নিয়ম মেনে নিজেদের হাতে সমস্ত পুজোর আয়োজন করেছেন তাঁরা। জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে রসবাখে বাঙালিয়ানার আবহে শুরু হয়েছে চক্রবর্তী পরিবারের দুর্গাপুজো। ভক্তি, ভালোবাসা ও বন্ধুত্বের মেলবন্ধনে ইতিমধ্যেই চলছে উৎসব।




