ওয়েবডেস্ক: সিজেপি-র বিক্ষোভে অংশ নেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশকে আটক করেছিল দিল্লি পুলিশ। তাঁদের মুক্তির নির্দেশ দিয়ে হস্তক্ষেপ করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, শুধু বিক্ষোভস্থল থেকেই নয়, আইনজীবীদের চেম্বার থেকেও অনেককে আটক করা হয়েছে। মহিলা আইনজীবীদের বিরুদ্ধেও অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে প্রস্তাব পাশ করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়।
এর পরেই সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও। আইনজীবীদের আটক করা এবং তাঁদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে প্রধান বিচারপতির নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।




