গৌতম চক্রবর্তী
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাপ কমবে ফরাক্কা ব্রিজের। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দ্বিতীয় ফারাক্কা সেতুর। সেতুটির উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। এই সেতু চালু হওয়ায় সড়কপথে মালদা-সহ উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল।
পাশাপাশি পণ্য পরিবহণে সময় ও ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যেরও ব্যাপক প্রসার ঘটবে বলে আশাবাদী তাঁরা। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতু উদ্বোধনের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদার ব্যবসায়ীরা।
এই প্রসঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান, দ্বিতীয় ফারাক্কা সেতুর উদ্বোধন মালদা-সহ উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এর ফলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। বিশেষ করে পণ্য পরিবহণ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলি আরও বেশি উপকৃত হবে। অর্থনৈতিক উন্নয়নেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।




