ওয়েব ডেস্ক : সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গজুড়ে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এবার থেকে এই ক্যান্টিনে মিলবে নিরামিষ বা বিশুদ্ধ সাত্ত্বিক আহারও। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জনবহুল এলাকাগুলিতে নতুন ক্যান্টিন খোলা হবে। মেডিক্যাল কলেজ, আদালত, বাসস্ট্যান্ড, প্রশাসনিক দফতর, জেটিঘাট, বড় বাজার এবং গুরুত্বপূর্ণ জংশনগুলিকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। এর ফলে কর্মসূত্রে বাইরে থাকা সাধারণ মানুষ কম খরচে খাবার পাবেন। পাশাপাশি ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
বর্তমানে রাজ্যে ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালু রয়েছে। সেখানে মাত্র ৫ টাকায় খাবার দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করা হয়েছে। এই খাতে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নতুন ৫০০টি ক্যান্টিন চালু হলে রাজ্যে মোট ক্যান্টিনের সংখ্যা বেড়ে হবে ১,০০০।
এছাড়াও, এবার ‘মা আহার’ ক্যান্টিনে যুক্ত হতে চলেছে নতুন নিরামিষ খাবারের ব্যবস্থা। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে উত্তর ২৪ পরগনার বারাসতে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। পরে নবদ্বীপ ও মায়াপুরের মতো বৈষ্ণব অধ্যুষিত এলাকাতেও সাত্ত্বিক আহারের ব্যবস্থা করা হবে।
গৌরী মেলার মঞ্চ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রের কাছ থেকে ২৫০ কোটি টাকা আনা হয়েছে। ইতিমধ্যেই যাচাইয়ের পর ২.৫ লক্ষ গোষ্ঠীর অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি অর্থও পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।




