ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘Compromised PM’ বলে কটাক্ষ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তারই পাল্টা আক্রমণে কংগ্রেসকে একসঙ্গে চারটি প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পরাজয় থেকে শুরু করে দেশের দারিদ্র্য এবং অর্থনৈতিক পরিচিতি—কংগ্রেসের দীর্ঘ শাসনকালকে নিশানা করলেন তিনি।
সমাজমাধ্যমে এক পোস্টে রিজিজু প্রশ্ন তুলেছেন, ১৯৬২ সালে চিনের হাতে তাঁর গ্রাম দখল হওয়ার মতো ঘটনার জন্য কংগ্রেস কি দেশের কাছে ক্ষমা চাইবে? তাঁর দ্বিতীয় প্রশ্ন, কংগ্রেসের শাসনে ভারত দীর্ঘদিন দরিদ্র দেশ হয়ে রইল কেন? তৃতীয়ত, একসময় ভারতকে ‘সাপুড়েদের দেশ’ বলে পরিচিত হতে হয়েছিল কেন? চতুর্থ প্রশ্ন, ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হারকে ‘হিন্দু রেট অব গ্রোথ’ বলে ব্যঙ্গ করা হয়েছিল কেন?
আরও পড়ুন:
সংগঠনের অলিগলিতে নতুন বিন্যাস, কংগ্রেসে প্রজন্ম বদলের ইঙ্গিত
চীনে এশিয়া- প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপাক্ষিক বৈঠক ঘিরেই এই রাজনৈতিক সংঘাতের সূত্রপাত। ওই বৈঠকে ভারতের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাহুল বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও ওই টেবিলে বসতেন। তাঁর কটাক্ষ, “আপসকামী প্রধানমন্ত্রী কখনও সেখানে জায়গা পাবেন না”।
রাহুলের এই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসের অতীত শাসনের হিসাব চেয়েছেন রিজিজু। তাঁর বক্তব্য, দেশের ইতিহাস ও অর্থনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের জবাব না দিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করা যায় না। ফলে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার সরাসরি কংগ্রেসের অতীত শাসন এবং বিজেপির বর্তমান নেতৃত্বের রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে।




