ওয়েব ডেস্ক: ফের উত্তাল বাংলাদেশ। কিছুদিন আগেই কাপড়-কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচলাবস্থা হয়েছিল পদ্মাপাড়ে। এবার ফের হাসিনা দেশে ফেরার ঘোষণার পরই নতুন করে রাজনৈতিক বিক্ষোভের আঁচে পুড়ছে দেশ। জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি। বৃহস্পতিবার দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে হাসিনার দল। তার আগে বুধবার রাত থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর সামনে আসছে।
‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গুঞ্জনের মাঝে অশান্তি ক্রমশ বাড়ছে বাংলাদেশে। তার সঙ্গে চলছে পোশাকশ্রমিকদের বিক্ষোভও। তাতেও আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। টুঙ্গিপাড়া-সহ গোপালগঞ্জ জেলার কিছু অঞ্চলে যে হিংসা ছড়িয়েছিল, তার রেশ বৃহস্পতিবার দেখা গিয়েছে সে দেশের অন্তত ১৮টি জেলায়। শেখ হাসিনার দলের হাতে চারজন বিএনপি কর্মী খুন হয়েছেন বলে বাংলাদেশ পুলিশ দাবি করেছে। ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা শতাধিক। আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিক্ষোভ, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। দফায় দফায় উত্তেজনা ছড়াতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। চলছে অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগ। কোথাও বাসে, কোথাও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার দেশজুড়ে ‘লকডাউন’কর্মসূচির ডাক দিয়েছে হাসিনার দল। গভীর রাতে আগুন ধরানো হয় পূর্বতন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক ভিটেতে! বৃহস্পতিবার সেখানে বিএনপির সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশ হওয়া খবর থেকে জানা গিয়েছে, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার তিনতলা ভবনটির নীচের তলার একটি কক্ষে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আশপাশে টহলরত পুলিশকর্মীরা আগুন দেখতে পেয়ে বাড়ির ভেতরে ঢুকে তা নিভিয়ে ফেলেন। তবে হামলাকারীদের কাউকে ধরা যায়নি।
আরও পড়ুন
ট্রাম্প-পুতিনের করমর্দন! ‘বন্ধু’ সম্বোধনে সরগরম আন্তর্জাতিক মহল
চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, ইউনূসের পৈতৃক বাড়ির নীচতলায় কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি গোটা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সব সদস্য এবং সাংসদদের। নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপি’র প্রথমসারির নেতাদের।বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা সহ সমস্ত বিমানবন্দরের। বিমানে ওঠার আগে দফায় দফায় যাত্রীদের দেহ তল্লাশি করা হচ্ছে। চেক করা হচ্ছে বিমানবন্দরগামী সমস্ত গাড়ি।এদিকে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রাজধানী ঢাকা, বন্দর শহর চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, যশোর, সিলেটের মতো বড় শহরগুলিতে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এবং জনবসতিপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে ঢাকা সহ বড় শহরগুলিতে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।




