ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়। বস্তি লাগোয়া একটি গোডাউনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর প্রায় ৪টে নাগাদ প্রথম গোডাউনে আগুন দেখতে পান বাসিন্দারা। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশেই ঘনবসতিপূর্ণ বস্তি থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
আরও পড়ুন…
নিম্নচাপের জের! বৃহস্পতিবারও দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। একে একে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। আগুন যাতে আশপাশের আরও বাড়িতে ছড়িয়ে না পড়ে, তার জন্য বিশেষ তৎপরতা শুরু করেন দমকলকর্মীরা। আগুনের মধ্যে সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দও শোনা যায় বলে স্থানীয় সূত্রে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়ির ভিতরে থাকা বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।




