কলকাতা: বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর—নতুন এ.সি. ভলভো বাস পরিষেবার শুভ উদ্বোধন। বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর রুটে নতুন এ.সি. ভলভো বাস পরিষেবার শুভ উদ্বোধন হল বুধবার। পর্যটকদের যাতায়াত আরও আরামদায়ক ও সুগম করতে রাজ্য সরকারের পক্ষ থেকে এক নতুন বাস পরিষেবার সূচনা করা হল। এই নতুন এসি ভলভো সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। বুধবার সকাল ১১টায় বেলুড় মঠের মেন গেটে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। বাস নম্বর ACT-11। এই বাস চলবে বেলুড়মঠ – ডানকুনি – চাঁপাডাঙা – আরামবাগ – কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা যেটা চালাবো, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে।” তিনি আরও বলেন, এই পরিষেবা যখন মাননীয়া মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী ছিলেন, তখন চালু হয়েছিল। মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। এবার আর বন্ধ হবে না। জগদ্ধাত্রী পুজোর পুণ্য দিনে, পুণ্য কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি। তিনি জানান, আগামী দিনে আরও বাস বাড়বে। যেখানে যেখানে লাগবে, সেখানে বাস দেওয়া হবে। ইতিমধ্যেই ৩০টি সরকারি ভলভো বাস নিয়ে আসছে পরিবহন দপ্তর। এই বাসে রয়েছে বায়ো টয়লেট, স্পেসি সিট সহ সমস্ত আধুনিক সুবিধা। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত গতিতে এই পরিষেবা চালু করা হয়েছে। বেলুড় মঠের মহারাজরা এই দাবি রেখেছিলেন। যাত্রী সংখ্যা বাড়লে, সেই অনুযায়ী আরও বাস দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন
ওড়িশার পুরীর কাছে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
এই নতুন বাস পরিষেবার ফলে বেলুড় মঠ থেকে কামারপুকুর-জয়রামবাটি যাওয়া ভক্তদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে, জয়রামবাটি থেকে ফিরতি বাস ছাড়বে বিকেল ৩টে ৪৫ মিনিটে। বেলুড় মঠ থেকে সরাসরি এই রুটে জয়রামবাটি পৌঁছতে সময় লাগবে প্রায় চার ঘণ্টা। ভাড়ার ক্ষেত্রে জানানো হয়েছে, সরাসরি রুটে বেলুড় মঠ থেকে জয়রামবাটির টিকিটের দাম পড়বে ২২০ টাকা এবং যদি বাসটি উচালন-বেঙ্গাই হয়ে যায়, তবে ভাড়া হবে ২৬৫ টাকা। এই বাস পরিষেবা মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কোন ভাড়া লাগবে না।




