ওয়েব ডেস্ক: আমেরিকার মিড টার্ম নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়রথ থামছেই না। এবার আলাস্কাতেও হারল ডোনাল্ড ট্রাম্পের দল। রিপাবলিকান প্রার্থী ড্যান সুলিভানকে হারিয়ে সেনেটে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেল্টোলা। তিনি পেয়েছেন প্রায় ৫০ শতাংশ ভোট, সুলিভান যেখানে প্রায় ৪৬ শতাংশ ভোট পেয়েছেন।
এই লড়াই ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কায় বড় ব্যবধানে জিতেছিলেন ট্রাম্প। তাই রাজ্যটি ধরে রাখা ছিল রিপাবলিকানদের কাছে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত তা পারেনি তারা। প্রচারে মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের মতো সমস্যা তুলে ধরেছিলেন পেল্টোলা। তাঁর মুখে শোনা গিয়েছিল ‘আলাস্কা ফার্স্ট’ স্লোগানও। বিশ্লেষকদের মতে, এসবের উপর ভর করেই জয় এসেছে।
জয়ের পর আলাস্কাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন পেল্টোলা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, আজীবন এই অঙ্গরাজ্যের সেবায় নিজেকে উৎসর্গ করছেন। তাঁর জয়ে সেনেটে ডেমোক্র্যাটদের আসন বেড়ে হল ৫৬, রিপাবলিকানদের ৪৪। শুধু সেনেট নয়, গভর্নর পদেও জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী জোনাথন ক্রেইস-টমকিন্স। ১৯৯৮ সালের পর এই প্রথম আলাস্কায় গভর্নর হলেন কোনও ডেমোক্র্যাট।
আরও পড়ুন:
ট্রাম্পের আগেই পুতিনের সঙ্গে বৈঠক জিনিপিংয়ের, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ?
নির্ধারিত দিনে মিসিসিপি ও আলাস্কার ফল প্রকাশ হয়নি, গণনা চলছিল। গত সপ্তাহে ‘লাল দুর্গ’ মিসিসিপির ফল বেরোয়, সেখানেও হারে ট্রাম্পের দল। বিদেশ থেকে ডাকযোগে আসা ভোটপত্রের যাচাই ও গণনার কারণে দেরি হয়। তা ছাড়া আলাস্কার ভোটপদ্ধতিও আলাদা। সেখানে ভোটাররা পছন্দের ক্রমানুসারে প্রার্থীদের তালিকা করেন। যিনি সবচেয়ে বেশি ভোটারের তালিকায় শীর্ষে থাকেন, তিনিই জয়ী হন।




