ওয়েব ডেস্ক: যেকোনও শুভ অনুষ্ঠানে নিয়ম মেনে জল সইতে যান মহিলারা। নদিয়ার কৃষ্ণনগরের মালোপাড়ায় মা জলেশ্বরীর আরাধনায় নিয়ম একটু অভিনব। এখানে মাঝরাতে শাড়ি পরে নদীর ঘাটে জল সইতে যান পুরুষেরা! দীর্ঘদিন ধরে চলে এই প্রাচীন প্রথা। মা জলেশ্বরীর আরাধনাকে ঘিরে এখানে রয়েছে প্রায় দুই শতাব্দীর ইতিহাস।
জানা গিয়েছে, মৎস্যজীবীদের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। এই পুজোতে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের রাজপরিবারের নাম। এই পুজোতে রয়েছে একাধিক প্রথা। সব প্রথাই আজ মেনে চলছে কৃষ্ণনগরের মালোপাড়া। প্রতিমার কানের দুলে থাকে মাছের নকশা। ভোগেও থাকে মাছ। নবমীতে প্রায় এক মণ ধুনো পোড়ানো হয়। প্রতিটি নিয়মের মধ্যে রয়েছে নিজস্ব সংস্কৃতি। রাতের বেলা পুরুষরা জলঙ্গি নদী থেকে জল নিয়ে আসেন। সেই দৃশ্য এই পুজোকে আরও স্বতন্ত্র করে তুলেছে। রাজপরিবারের ঐতিহ্য আর সাধারণ মানুষের বিশ্বাস কীভাবে মিশে গিয়েছে একটি পুজোর ইতিহাসে, সেই কাহিনিই তুলে ধরেছে কৃষ্ণনগরের মালোপাড়ার মা জলেশ্বরী পুজো।
জগদ্ধাত্রী পুজো বলতে মূলত আসে কৃষ্ণনগর ও চন্দননগরের নাম। কৃষ্ণনগরে এমন একটি জগদ্ধাত্রী পুজো হয়, যেখানে পুজোর জল আনতে মধ্যরাতে শাড়ি পরে নদীতে যান পুরুষেরা। কৃষ্ণনগরের মালোপাড়া বারোয়ারির এই পুজো পরিচিত মা জলেশ্বরীর পুজো নামে। মালো বলতে মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষদের বোঝায়।
কথিত আছে, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দায়িত্ব পালন করতেন মালো সম্প্রদায়ের মানুষেরাই। পরবর্তীকালে তাঁরাই নিজেদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো শুরু করার ইচ্ছা প্রকাশ করেন। তাঁদের সেই আবেদনে সম্মতি দিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। পুজোর খরচের জন্য রাজবাড়ি থেকে দেওয়া হয়েছিল ১৫ টাকা এবং প্রতিমার কাঠামো তৈরির কাঠ। আজও রাজপরিবারের উত্তরসূরিদের কাছ থেকে প্রতীকী ১৫ টাকা অনুদান পাওয়ার পরেই পুজোর প্রস্তুতি শুরু হয়।
অতীতে সামাজিক বিধিনিষেধের কারণে রাতের বেলা মহিলাদের বাইরে বেরোনোর স্বাধীনতা ছিল না। তাই পুজোর জল আনতে পুরুষেরাই নারীর পোশাক পরে নদীতে যেতেন। সেটাই এখন পরিণত হয়েছে ঐতিহ্যে। জল সাজতে যাওয়ার পথে মালোপাড়ার ধর্মরাজ, কালী ও শীতলা মন্দিরেও পুজোর আমন্ত্রণ জানানো হয়। মালোপাড়ার দেবী জগদ্ধাত্রীর ভোগে ষষ্ঠীতে থাকে চিঁড়ে, মুড়কি, দই ও পাঁচ রকম মিষ্টি। সপ্তমী ও অষ্টমীতে থাকে পাঁচ রকম ভাজা, পোলাও এবং পায়েস। নবমীর মহাভোগে মাটির হাঁড়িতে সাদা ভাতের সঙ্গে নিবেদন করা হয় ইলিশ। এই পুজোর আর একটি উল্লেখযোগ্য প্রথা হল ধুনো পোড়ানো। এখনও নবমীতে প্রায় এক মণ ধুনো পোড়ানো হয়।




