কলকাতা: গঙ্গার ঘাটে থিকথিক করছিল ছটপুজোর ভিড়। এর মাঝেই নদীর জলে তলিয়ে যাচ্ছিল একটি পোষ্য কুকুর। সোমবার সকালে কলকাতার ঘাটে ঘটে যায় এই ঘটনা। প্রথমে বিষয়টি কারও নজরে পড়েনি। পরে নজরে আসতেই শুরু হয় চিৎকার-চেঁচামেচি। তখনই তৎপর হয়ে ওঠেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
ঘটনার সময় মন্ত্রী ঘাটেই ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান, কুকুরটি মাঝগঙ্গায় ভেসে যাচ্ছে। বাঁচার জন্য সে প্রাণপণ চেষ্টা করছিল। কিন্তু জলের স্রোত বেশি থাকায় সে কোনওভাবেই ভেসে থাকতে পারছিল না। স্রোতের সঙ্গে লড়াই করা তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। বিষয়টি বুঝতে পেরে মন্ত্রী সঙ্গে সঙ্গে এনডিআরএফ ও ডিএমজিকে কুকুরটিকে উদ্ধারের নির্দেশ দেন। এরপর এনডিআরএফ কর্মীরা তিনটি স্পিডবোট নিয়ে নদীতে নামেন এবং কুকুরটিকে উদ্ধার করেন।
আরও পড়ুন:
কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে আনা হয় সারমেয়টিকে। তখন সে ঠান্ডায় কাঁপছিল। মন্ত্রী নিজে দৌড়ে সেখানে যান। চেয়ারে রাখা একটি সাদা তোয়ালে দিয়ে কুকুরটির শরীর জড়িয়ে দেওয়া হয়। ঠান্ডা লেগে সে যাতে অসুস্থ না হয়ে পড়ে, সে জন্য তাকে গরম দুধও খাওয়ান মন্ত্রী।
পরে জানা যায়, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। ঘটনার পর মন্ত্রী বলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ আছে। দেখছিলাম, ভেসে যাচ্ছে। তবুও শেষ চেষ্টা করছে। এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় কুকুরটিকে উদ্ধার করা গিয়েছে।”




