ওয়েব ডেস্ক : আমেরিকায় শুক্রবার, ১৩ নভেম্বর আচমকাই দেশজুড়ে বিমান চলাচলে বড়সড় বিপর্যয় দেখা দেয়। বিমান নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) নিরাপত্তার কারণে দেশের সমস্ত বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ দেয়। এর জেরে হাজার হাজার বিমানযাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।
প্রাথমিকভাবে জানা যায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়। আমেরিকার বিভিন্ন আঞ্চলিক বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ ও রাডার ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ফলে পাইলটদের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা বেজে ৫৪ মিনিটে (ভারতীয় সময় শনিবার ভোর ২টা বেজে ২৪ মিনিটে) মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন জানায়, আমেরিকা থেকে বাইরে যাওয়ার সমস্ত বিমান আপাতত বাতিল করা হচ্ছে।
আদানি কিংবা ভাগবত, বিচারক মানতেও প্রস্তুত রাহুল, চ্যালেঞ্জ মোদিকে
‘ফ্লাইটঅ্যাওয়ারে’র তথ্য বলছে এই নিষেধাজ্ঞার ফলে, ১০ হাজার ফ্লাইট দেরিতে চলেছে এবং ১ হাজারেরও বেশি ফ্লাইট পুরোপুরি বাতিল করা হয়েছে। শত শত উড়ান ঘুরিয়ে দেওয়া হয়, যার জেরে হাজার হাজার যাত্রী গন্তব্যে পৌঁছতে পারেননি।
প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা তুলে নেয় FAA। তবে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর আমেরিকায় সমস্ত বিমানের উড়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারিতেও FAA-র প্রযুক্তিগত সমস্যায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছিল। তবে এবারের প্রায় পাঁচ ঘণ্টার দেশজোড়া বিপর্যয় গত ২৫ বছরের মধ্যে দীর্ঘতম বলে জানিয়েছে সংবাদমাধ্যম।




