ওয়েব ডেস্কঃ দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে জাতিগত সংঘর্ষের ক্ষত বয়ে চলেছে মণিপুর। এখনও ঘরছাড়া বহু পরিবার। তাঁদের সঙ্গে দেখা করতে আগামী ২৬ নভেম্বর ফের মণিপুর সফরে যেতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রস্তাবিত এই এক দিনের সফরে ইম্ফল এবং চূড়াচাঁদপুর যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার পাশাপাশি ত্রাণশিবিরে বসবাসকারী মানুষের দুর্দশার কথাও শুনবেন তিনি।
কংগ্রেস সূত্রে খবর, মণিপুরের বিভিন্ন সম্প্রদায়ের বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল। সংঘর্ষে যাঁরা তাঁদের আত্মীয়স্বজনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করে রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করতে পারেন তিনি। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
২০২৩ সালের ৩ মে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সেই হিংসায় এখনও পর্যন্ত অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪৯ জন নিখোঁজ বলে রাজ্য বিধানসভায় জানানো হয়েছে। কয়েক হাজার পরিবার এখনও ঘরছাড়া। এর আগে ২০২৩ সালের জুন এবং ২০২৪ সালের জুলাইয়ে মণিপুর সফর করেছিলেন রাহুল। শেষবার জিরিবাম, চূড়াচাঁদপুর ও মোইরাংয়ের ত্রাণশিবিরে গিয়ে বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।




