ওয়েব ডেস্ক : কালীপুজোর পর দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির দিল্লি পুলিশ। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০১৩ সালের পুরনো একটি মামলায় নোটিশ দিতে এসেছে দিল্লি পুলিশ।
এর আগে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারপর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় দিল্লি পুলিশ। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ওই মামলায় সাক্ষী হিসেবে তলব করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
২০১৩ সালে এপ্রিল মাসে দিল্লির বঙ্গভবন ঘেরাও করেছিল দিল্লির বামপন্থী ছাত্র-যুবরা। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বঙ্গভবন চত্বর। অভিযোগ উঠেছিল বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হতে হয়েছিল মমতা ও অমিত মিত্রের মতো নেতাদের। এই ঘটনায় দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলার রজু হয়েছিল।
জানা গিয়েছে, দিল্লি পুলিশের দেওয়া নোটিশে ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় সাক্ষী হিসেবে মমতাকে মামলার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে।




