ওয়েব ডেস্ক: টালার রেলসেতুর নিচে পানীয় জলের পাইপলাইনে বড়সড় ফাটল। কলকাতার একাধিক এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার এই ফাটল ধরা পড়ার পর দ্রুত মেরামতির কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কেএমসি এলাকার সিআর অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবায় জল সরবরাহ ব্যাঘাত ঘটতে পারে। দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে সহযোগিতা ও ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।
পাইপলাইন ফেটে যাওয়ায় বনমালী সরকার স্ট্রীট, বিধান সরণির এক অংশ, হাটখোলা সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার দাবি টালা পাইপ লাইনের অতিরিক্ত চাপে জেরে বিপত্তি।




