HomeBig Breakingসফদরজং রোডের সেই দীপাবলি, প্রিয়াঙ্কার সঙ্গে স্মৃতিরোমন্থনে সোনিয়া গান্ধী

সফদরজং রোডের সেই দীপাবলি, প্রিয়াঙ্কার সঙ্গে স্মৃতিরোমন্থনে সোনিয়া গান্ধী

কণাদ দাশগুপ্ত

প্রদীপের আলোয় ঝলমল করছে বাড়ির প্রতিটি কোণ। পুকুরের চারপাশ থেকে ছাদ, বারান্দা, বাগানের পথ—সর্বত্র সাজানো মাটির প্রদীপ। উৎসবের খাবারের তালিকায় কাশ্মীরি পদ, সঙ্গে মিষ্টি ভাত। আর দীপাবলির বাজি কিনতে রাজীব গান্ধীর সঙ্গে পুরনো দিল্লির চাঁদনি চকে যাওয়া। এমনই নস্টালজিয়ায় ভাসলেন কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধী। সঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও নাতনি মিরায়া।

রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেন সোনিয়া। সেখানে ১৯৮৪ সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দিল্লির ১ নম্বর সফদরজং রোডের বাসভবনে কাটানো দীপাবলির স্মৃতি ভাগ করে নেন তিনি। সোনিয়া জানান, বাড়ির প্রবেশপথে গণেশের মূর্তি সাজানো থাকত। সেই মূর্তির সামনে প্রথম প্রদীপ জ্বালিয়ে শুরু হত উৎসব। তখন সর্বত্র বৈদ্যুতিক আলোর সাজসজ্জা ছিল না। মাটির প্রদীপেই আলোকিত হয়ে উঠত গোটা বাড়ি।

প্রিয়াঙ্কাও স্মৃতিচারণে যোগ দেন। জানান, বাবা রাজীব গান্ধী তাঁকে এবং রাহুল গান্ধীকে বাজি কিনতে চাঁদনি চকে নিয়ে যেতেন। সোনিয়া বলেন, বাজির মধ্যে তাঁর সবচেয়ে পছন্দ ছিল ফুলঝুরি। দীপাবলিতে পরিবারের জন্য কাশ্মীরি খাবার তৈরি হত। থাকত মিষ্টি ভাতও, যা এখনও তাঁদের বাড়িতে তৈরি হয়।

সেই সময়ের নীল আকাশ ও মনোরম আবহাওয়ার কথাও মনে পড়ে সোনিয়ার। ভিডিয়োটি প্রকাশের পাশাপাশি উৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। উল্লেখযোগ্য, আগামী ১০ নভেম্বর প্রকাশিত হতে চলেছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’। তার আগেই ব্যক্তিগত স্মৃতির এমন প্রকাশ বিশেষ তাৎপর্য পেয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments