ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ভারতীয় দলে ব্রাত্য থাকার পর অবশেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ শামি। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান ৩৬ বছর বয়সি তারকা পেসার। ঘটনাচক্রে, ১৩ বছর আগে ৬ নভেম্বরই ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছিল তাঁর। একই দিনে শেষ হল টেস্ট কেরিয়ারও।
২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় শামির। টুপি নম্বর ছিল ২৭৯। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত ভারতের হয়ে টেস্ট খেলেছেন তিনি। ৬৪ ম্যাচে তাঁর উইকেট ২২৯টি। সাম্প্রতিক সময়ে অবশ্য টেস্ট দলে জায়গা পাচ্ছিলেন না শামি। ফিটনেসের যুক্তিতে তাঁকে বাদ রাখা হচ্ছিল। অথচ রনজিতে নিয়মিত উইকেট পেয়েছেন। দলে ফেরানোর দাবিও উঠেছিল বারবার। তা সত্ত্বেও সুযোগ মেলেনি। তাই অনুমান, এই ‘বঞ্চনা’ থেকেই অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
আরও পড়ুন:
টিম ইন্ডিয়ায় সিরাজের কামব্যাক! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়বেন কে?
ভিডিও বার্তায় শামি বলেন, ছোট্ট গ্রাম থেকে উঠে এসে দেশের হয়ে খেলতে পারা তাঁর কাছে বড় প্রাপ্তি। আল্লাহ, মা-বাবা, পরিবার ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সমর্থকদেরও ধন্যবাদ দেন। বিসিসিআই ও বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানান, অনেক উত্থানপতন দেখেছেন, কিন্তু কখনও হার মানেননি।
তবে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন শামি। বাংলার হয়ে সাদা বলের টুর্নামেন্ট এবং আইপিএলে তাঁকে দেখা যাবে। কিন্তু বাংলার হয়ে আর রনজি খেলবেন কি না, তা নিশ্চিত নয়। রনজিতে বাংলার পরের ম্যাচ আগামী বছরের ফেব্রুয়ারিতে।




