নয়াদিল্লি: মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, আগামী এক বছরের মধ্যেই পতন হবে নরেন্দ্র মোদি সরকারের। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুলের হুঁশিয়ারি, মাত্র পাঁচ মিনিটের আলোচনাতেই তিনি প্রমাণ করে দেবেন, মোদি দেশদ্রোহী। পাঞ্জাবের সাংরুরে ‘ইনসাফ র্যালি’র মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমনই তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা।
প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, যে কোনও জায়গায়, যে কোনও সংবাদমাধ্যমের স্টুডিয়োয় মুখোমুখি আলোচনায় তিনি প্রস্তুত। বিচারক হিসেবে মোহন ভাগবত কিংবা মোদির ঘনিষ্ঠ কোনও শিল্পপতিকেও বেছে নেওয়া যেতে পারে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী বিরোধীদের দেশদ্রোহী বলেন, অথচ বিদেশি শক্তির সঙ্গে কার যোগাযোগ রয়েছে, তা নিয়ে প্রকাশ্য বিতর্কে বসতে রাজি নন।
রাহুলের নিশানায় ছিল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও। তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে মোদি সরকার চুক্তিতে সই করেছে। এমনকী, মন্ত্রিসভা ও আমলাদের সঙ্গে আলোচনা না করেই দেশের কৃষক এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পের স্বার্থ বিপন্ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন
পাঞ্জাবের শাসক আম আদমি পার্টিকেও ছাড়েননি কংগ্রেস নেতা। রাজ্যে মাদক সমস্যার মোকাবিলায় ভগবন্ত মান সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। অমিত শাহের দেওয়া তিন বছরের সময়সীমা নিয়ে কটাক্ষ করেই বলেন, তত দিনে তিনি আর স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন না। কারণ, তাঁর অনুমান, কেন্দ্রের সরকারই এক বছর টিকবে না।




