HomeBig Breakingকেন্দ্র ও কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিস

কেন্দ্র ও কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিস

নির্বাচন কমিশনের রক্ষাকবচ নিয়ে প্রশ্ন

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার নামে কি আইনের ঊর্ধ্বে থাকার অধিকার দেওয়া যায়? মুখ্য নির্বাচন কমিশনার (CEC) এবং অন্য নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে সম্পূর্ণ সুরক্ষার বিধান নিয়ে এ বার সরাসরি প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের আইনে দেওয়া এই বিশেষ রক্ষাকবচের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বুধবার কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নোটিস জারি করেছে। সমাজকর্মী ও আইনজীবী অরুণ কুমার আগরওয়াল এবং আরজেডি সাংসদ মনোজ ঝা-র দায়ের করা পৃথক আবেদনেও এই বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলাগুলি একসঙ্গে শুনানির জন্য যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (নিয়োগ, চাকরির শর্ত এবং কার্যকালের মেয়াদ) আইনের ১৬ নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় কোনও কাজ করা বা কোনও বক্তব্য রাখার জন্য বর্তমান কিংবা প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা গ্রহণ বা চালানো যাবে না।

আবেদনকারীদের যুক্তি, এই বিধান কার্যত নির্বাচন কমিশনারদের আজীবন আইনি দায়বদ্ধতার বাইরে রাখছে। এমনকি অসৎ উদ্দেশ্য, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও আইনি প্রতিকারের পথ বন্ধ হয়ে যেতে পারে। নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখার জন্য এমন নিরঙ্কুশ সুরক্ষা প্রয়োজন নেই বলেও দাবি তাঁদের।

বিশেষত, ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ যাওয়া কিংবা কমিশনের কোনও সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিয়েই উঠছে প্রশ্ন। আগামী ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। কেন্দ্র ও কমিশনের জবাবের দিকেই এখন নজর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments